মুন্সীগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৬ ২০:১৩ পিএম
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে মুন্সীগঞ্জের গজারিয়ায় দাফন করা হয়েছে। সোমবার (১৮ মে) সকালে উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড-সংলগ্ন আব্দুল্লাহপুর গ্রামে চতুর্থ জানাজা শেষে তার নানাবাড়ি-সংলগ্ন একটি লিচুগাছের নিচে তাকে দাফন করা হয়।
এ সময় মা লোপা কায়সার স্থানীয় সংবাদকর্মীদের অনুরোধ করেন, যেন তার মেয়ের দাফন-কাফনের ছবি ধারণ না করা হয়। তিনি মোবাইল ফোন জমা রেখে ভেতরে প্রবেশের অনুরোধও জানান। পাশাপাশি মেয়ের কবরের পাশে একটি মসজিদ নির্মাণের ইচ্ছার কথাও জানান তিনি।
এদিকে ভাই সাদ্দাফ হামিদ বলেন, এই বাড়িটি আম্মু ও কারিনা আপুর খুব প্রিয় একটি জায়গা ছিল। আমাদের কিছু পরিকল্পনা রয়েছে, আম্মু মানসিকভাবে স্থির হলে সেগুলো বাস্তবায়ন করা হবে।
কারিনা কায়সার জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদ ও লোপা কায়সার দম্পতির কন্যা। তিনি গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া সরকার বাড়ির প্রয়াত ডা. আবুল খায়ের বাচ্চু ও ডা. জোহরা খানম পারুলের নাতনী।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে লিভারজনিত জটিলতায় ভুগছিলেন কারিনা কায়সার। অবস্থার অবনতি হলে গত ১১ মে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মৃত্যু হয় তার। পরদিন তার লাশ দেশে আনা হয়।