কাউনিয়া (রংপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৬ ১৯:৫৩ পিএম
রংপুরের কাউনিয়ায় সন্ত্রাস, মাদক ও জুয়া নির্মূলসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে উপজেলা পরিষদে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ মে) সকালে উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা
নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন
কাউনিয়া থানার ওসি শিহাব উদ্দিন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবিব, প্রাণিসম্পদ কর্মকর্তা
ডা এ আর এম আল মামুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সংবাদকর্মীরা।
সভাপতির বক্তব্যে ইউএনও পাপিয়া সুলতানা বলেন, উপজেলার প্রতিটি
এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের টহল আরও বৃদ্ধি করা হবে। আসন্ন পবিত্র ঈদুল
আজহাকে সামনে রেখে পশুর হাট ও গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হবে বলেও তিনি
জানান।
তিনি আরও বলেন, ঈদকে কেন্দ্র করে কোনো অপশক্তি যাতে অপ্রীতিকর
ঘটনা ঘটাতে না পারে, সেজন্য প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। একই সঙ্গে উপজেলার
সর্বস্তরের মানুষকে সচেতন ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।