ঝিনাইদহ প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৬ ১৩:৫৩ পিএম
একসঙ্গে দুজনের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঝিনাইদহের ধানের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। নিজ বাড়িতে বৈদ্যুতিক ফ্যান দিয়ে ধান উড়াতে গিয়ে তাদের মৃত্যু হয়।
সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে সোমবার সকালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাগান্না গ্রামের মৃত তেহের আলী খাঁর ছেলে মজিবর খাঁ (৬০) এবং তার স্ত্রী মোমেনা বেগম (৫৫)।
স্বজনরা জানান, সকাল ৭টার দিকে বাড়িতে ধান পরিষ্কারের কাজ করছিলেন মজিবর খাঁ। তিনি একটি ইলেকট্রিক ফ্যানের সাহায্যে ধান ওড়ানোর চেষ্টা করেন। বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর চালু না হওয়ায় তিনি ফ্যানটি পরীক্ষা করতে যান। একপর্যায়ে বিদ্যুতের তারে স্পর্শ লেগে তিনি বিদ্যুতায়িত হন। ফ্যানটি তার বুকের ওপর পড়ে। স্বামীকে এ অবস্থায় দেখে বাঁচাতে যান স্ত্রী মোমেনা বেগম। তিনিও বিদ্যুতায়িত হন। পরিবারের সদস্যরা টের পেয়ে দ্রুত উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে দুজনেই মারা যান।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান জানান, হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানাতে একটি অপমৃত্যু মামলা হবে। এরপর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।