মাদারীপুরের আমিরাবাদ এলাকায় ভাড়া বাসা থেকে তিনজনের মরদেহ উদ্ধার হওয়া বাসাটির সামনে স্থানীদের ভিড়। ছবি প্রতিদিনের বাংলাদেশ
মাদারীপুরে ভাড়া নিয়ে থাকা এক আত্মীয়ের বাসা থেকে স্বামী, স্ত্রী ও শিশুসন্তানসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শহরের আমিরাবাদ এলাকা থেকে রবিবার মধ্যরাতে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন চিন্ময় দাস (৩২), তার স্ত্রী ইশা দাস (২৪) এবং তাদের ৯ মাস বয়সী শিশু সন্তান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় চিন্ময় দাস ও তার স্ত্রী সন্তানসহ চিকিৎসা করানোর উদ্দেশ্যে সেখানে যান। পরে রাত ১০টার দিকে তারা একটি রুমে প্রবেশ করে দরজা ভেতর থেকে বন্ধ করে দেন।
এরপর দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে ভাড়াটিয়া মিষ্টি বাড়ৈ ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ এসে রাত ১টার দিকে দরজা ভেঙে রুমে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, শিশুটিকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এবং ইশা দাসকে খাটের ওপর মৃত অবস্থায় পাওয়া যায়।
ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালে পাঠানো হয়।
ভাড়াটিয়া মিষ্টি বাড়ৈ বলেন, তারা ডাক্তার দেখাতে এসে আমার বাসায় উঠেছিল। রাতে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া পাইনি, পরে পুলিশকে খবর দিই।
তিনি আরও বলেন, দরজা ভেতর থেকে বন্ধ ছিল এবং পরে পুলিশ এসে ভেঙে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে অধিকতর তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা বলেন, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে, তবে আমরা বিষয়টি গভীরভাবে তদন্ত করছি।