নওগাঁর ধামইরহাটে ভাঙা সড়কে চলাচলে ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নওগাঁর ধামইরহাট উপজেলার জনগুরুত্বপূর্ণ আমাইতাড়া থেকে রাঙ্গামাটি সড়ক প্রায় ৭ কিলোমিটারজুড়ে একেবারেই চলাচল অনুপযোগী হয়ে পড়েছে।
গত প্রায় এক বছর ধরে সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্ত সৃষ্টি হলেও কার্যকর কোনো সংস্কার হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়রা জানান, আত্রাই নদীর বালি পরিবহনকারী ড্রামট্রাকসহ ভারী যানবাহনের নিয়মিত চলাচলের কারণে সড়কের কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে।
বৃষ্টির সময় এসব গর্তে হাঁটুসমান পানি জমে যায়, ফলে যানবাহন চলাচলসহ স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়ে।
এলাকাবাসীর অভিযোগ, এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করলেও দীর্ঘদিন ধরে সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
রঘুনাথপুর এলাকার খাইরুল ইসলাম ও আশরাফুল ইসলামসহ স্থানীয়রা জানান, রাস্তা ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
তারা আরও অভিযোগ করেন, আত্রাই নদীর বালি মহল থেকে সরকার বিপুল রাজস্ব পেলেও গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কারে কর্তৃপক্ষের উদাসীনতা রয়েছে।
স্থানীয়রা সড়কটি প্রশস্ত করে টেকসইভাবে পুনর্নির্মাণ এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থা স্থাপনের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আব্দুল হাকিম বলেন, এলজিইডির নিয়ম অনুযায়ী শক্তিশালী সড়ক নির্মাণের জন্য প্রকল্প পাঠানো হয়েছে।
তিনি বলেন, জনস্বার্থে কাজ অব্যাহত রয়েছে এবং সড়ক উন্নয়নে উদ্যোগ নেওয়া হচ্ছে।