নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ১৭ মে ২০২৬ ২২:০৩ পিএম
জুলাই-২৪ গণঅভ্যুত্থান আন্দোলনে গুলিবিদ্ধ সাহালম ইসলামের চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে অনুদানের চেক প্রদান করা হয়েছে।
জানা যায়, সাহালম ইসলাম সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা পরিষদে একটি লিখিত আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (১৭ মে) দুপুরে তাকে চিকিৎসা সহায়তার চেক দেওয়া হয়। জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ অনুদানের চেক হস্তান্তর করেন।
আবেদনে জানা যায়, সাহালম ইসলাম ২০২৪ সালের ১৭ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ এলাকায় গণঅভ্যুত্থান চলাকালে গুলিবিদ্ধ হন। এতে তিনি কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান এবং তার হাতের দুটি আঙুল ক্ষতিগ্রস্ত হয়। পরে তিনি একাধিক অপারেশন করান এবং বর্তমানে আরও চিকিৎসার প্রয়োজন। তিনি পেশায় পিকআপ ভ্যানচালক ছিলেন। আহত হওয়ার পর থেকে তিনি কর্মক্ষমতা হারিয়ে স্ত্রী ও সন্তান নিয়ে অর্থ সংকটে মানবেতর জীবন কাটাচ্ছেন বলে আবেদনপত্রে উল্লেখ করেন।