খুলনা অফিস
প্রকাশ : ১৭ মে ২০২৬ ২১:৩৯ পিএম
খুলনা মহানগরীতে আবারও প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। নগরীর সোনাডাঙ্গা থানার পশ্চিম বানিয়াখামার আলকাতরা মিল সংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আলী নুর ডাবলু নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। রবিবার (১৭ মে) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ আলী নুর ডাবলু পশ্চিম বানিয়াখামার এলাকার বাসিন্দা এবং এতিম আলীর ছেলে। একটি সূত্র দাবি করেছে, তিনি আইনমন্ত্রী আসাদুজ্জামানের চাচাতো ভাই। তবে এ বিষয়ে নিশ্চিত নন বলে জানিয়েছেন সোনাডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম।
ওসি রফিকুল ইসলাম জানান, গুলির খবর পেয়ে তিনি ও খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। আহত অবস্থায় ডাবলুকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে।
চিকিৎসক ও স্বজনদের সূত্রে জানা গেছে, ডাবলুর বাম হাতে পরপর তিনটি গুলি লাগে। গুলিগুলো এখনও শরীরের ভেতরে রয়েছে। অস্ত্রোপচারের মাধ্যমে সেগুলো অপসারণের প্রস্তুতি চলছে।
আহতের পরিবারের দাবি, চাঁদা না দেওয়াকে কেন্দ্র করেই হামলার ঘটনা ঘটেছে। তারা জানান, ডাবলু সিঅ্যান্ডএফ ব্যবসার সঙ্গে জড়িত এবং খুলনা ও ঢাকায় তার অফিস রয়েছে। সম্প্রতি তার কাছে চাঁদা দাবি করা হয়। টাকা না দেওয়ায় বাসার নিচে দাঁড়িয়ে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।
আহতের এক স্বজন বলেন, বাসায় গিয়ে চাঁদা চাওয়া হয়েছিল। চাঁদা না দেওয়ার কারণেই তাকে গুলি করা হয়েছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।