ফেনী প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৬ ২১:২৬ পিএম
ফেনীর দাগনভূঞায় তালাবদ্ধ ঘর থেকে জসিম উদ্দিন (৪৫) নামে এক কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ মে) দুপুরে উপজেলার রামনগর ইউনিয়নের সেকান্দরপুর গ্রামের একটি ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত জসিম উদ্দিন নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের লেমুয়া গ্রামের মৃত শাহ আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জসিম উদ্দিন দাগনভূঞার সেকান্দরপুর গ্রামে এমবিএম দরজা গ্যালারি ও ফার্নিচার দোকানে মিস্ত্রি হিসেবে ৪ বছর ধরে কাজ করেন। তিনি সেই দোকানেই থাকতেন। সকালে ভেতর থেকে দোকানের দরজা বন্ধ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম নোমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।