কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৬ ২১:০৪ পিএম
আপডেট : ১৭ মে ২০২৬ ২১:০৯ পিএম
গোপালগঞ্জের কোটালীপাড়ার ৬ নম্বর ঘাঘরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিতর্কিত সহকারী শিক্ষক তপতী বাড়ৈর স্থায়ী বদলিসহ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন অভিভাবকরা।
রবিবার (১৭ মে) সকাল সাড়ে ১০টা থেকে ঘণ্টাব্যাপী বিদ্যালয়ের সামনের সড়কে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে শতাধিক অভিভাবক অংশ নেন।
অভিভাবকদের দাবি ৩ দিনের মধ্যে সহকারী শিক্ষক তপতী বাড়ৈর স্থায়ী বদলি না হলে এ বিদ্যালয় থেকে সকল শিক্ষার্থীকে অন্যত্র সরিয়ে নেওয়ার আল্টিমেটাম দেওয়া হয়েছে।
অভিভাবকদের দাবি, তাদের সন্তানরা এখানে লেখাপাড়া করে। সন্তানদের ভালোর জন্য চরিত্রহীন, অদক্ষ, বেয়াদপ ও মামলাবাজ শিক্ষক তপতী বাড়ৈর স্থায়ী বদলি চেয়ে দীর্ঘদিন যাবত তারা আন্দোলন করে আসছেন। শিক্ষা অফিসের তদন্তে এসব অভিযোগের সত্যতা পাওয়ার পরও তপতী বাড়ৈর স্থায়ী বদলি না হওয়ায় তারা আবারও আন্দোলনে নেমেছেন।এর পরেও কোনো সমাধান হয়নি। তিনি উল্টো ভয়ভীতি দেখাচ্ছেন। অভিভাবকরা বলেন, তার কারণে এখানে ভালো কোনো শিক্ষক থাকতে পারেন না। তারা তার স্থায়ী বদলি চান।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সহকারী শিক্ষক তপতী বাড়ৈর বিরুদ্ধে নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা, ক্লাস ফাঁকি, শিক্ষার্থীদের প্রতি অমানবিক আচরণসহ শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে এলাকাবাসী লিখিত অভিযোগ দাখিল করেন। এ ঘটনার পরও উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা মোতাবেক উপজেলা শিক্ষা কর্মকর্তা তপতী বাড়ৈকে মৌখিকভাবে অন্য বিদ্যালয়ে ডেপুটেশনে স্থানান্তর করেন।
উপজেলা শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত বলেন, তপতী বাড়ৈর বিরুদ্ধে বিভাগীয় মামলায় স্থায়ী বদলির জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ৩টি শুন্য বিদ্যালয়ের তালিকা চেয়েছিল। অনেক আগেই তালিকা দেওয়া হয়েছে। কেন তার পরেও স্থায়ী বদলি হচ্ছে না সেটা জানার বিষয়।
এ ব্যাপারে জানার জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে কয়েকবার মোবাইলে কল করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।