আমতলী (বরগুনা) প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৬ ২০:৫৮ পিএম
বরগুনার আমতলী উপজেলায় সালিশ বৈঠককে কেন্দ্র করে হামলার ঘটনায় চারজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। রবিবার (১৭ মে) বিকালে গ্রেপ্তারদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে আমতলী উপজেলার মানিকঝুড়ি স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আমতলী সদর ইউনিয়নের মানিকঝুড়ি এলাকার শিল্পী বেগম ও তার খালাতো ভাই শিপন হাওলাদারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধ মীমাংসার লক্ষ্যে শনিবার রাতে একটি ঘরে সালিশ বৈঠকের আয়োজন করা হয়।
অভিযোগ রয়েছে, বৈঠক চলাকালে এ সময় স্থানীয় ট্রান্সপোর্ট ব্যবসায়ী বাহাদুর মিয়া এর প্রতিবাদ করলে শাহিন আকনের নেতৃত্বে তার সহযোগীরা বাহাদুর মিয়ার ওপর হামলা চালায়। হামলায় শাহ আলম, আবুল বাশার, হাসান ও শহিদুল গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক চিকিৎসা শেষে গুরুতর আহত শাহ আলম ও হাসানকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুজন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আমতলী থানার ওসি আবু সাহাদাৎ হাসনাইন পারভেজ বলেন, ঘটনার পর মামলা দায়ের করা হলে তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।