হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৬ ১৯:০৭ পিএম
ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় মাদকবিরোধী দুটি পৃথক অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের অন্তত ৫ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা মূল্যের ৩৯৩ বোতল মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১৭ মে) ভোরে হালুয়াঘাট উপজেলার কুচপাড়া এবং শেরপুরের ঝিনাইগাতি উপজেলার সীমান্তবর্তী সন্ধ্যাকুড়া মেডামবাড়ি মোড় এলাকা থেকে এসব মদ জব্দ করা হয়েছে বলে গতকাল দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিজিবি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার ভোরে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) হালুয়াঘাট উপজেলার কুচপাড়া এবং শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম সীমান্তে অভিযান চালানো হয়। এ সময় চোরা কারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়ায় তাদের শনাক্ত ও আটক করতে পারেনি। পরে ফেলে যাওয়া মদ জব্দ করা হয়। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৯৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ বলেন, দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি আপসহীন। সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ পণ্য পাচার ঠেকাতে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।