মৌলভীবাজার প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৬ ১৮:২৭ পিএম
আপডেট : ১৭ মে ২০২৬ ১৮:৩৫ পিএম
নিহত মোটরসাইকেল আরোহী শ্রীকান্ত মালাকার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মৌলভীবাজারের রাজনগরে ট্রাকের ধাক্কায় শ্রীকান্ত মালাকার (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
উপজেলার মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের গোবিন্দবার্টি এলাকায় রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীকান্ত মালাকার উপজেলার টেংরা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত সুশীল মালাকারের ছেলে। রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কয়েকজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য, দুপুরে কুলাউড়া অভিমুখী একটি দ্রুতগামী ট্রাক শ্রীকান্তের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।