মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৬ ১৫:১৭ পিএম
আপডেট : ১৭ মে ২০২৬ ১৫:২৮ পিএম
মতলব কমিউনিটি সেন্টারে শনিবার রাতে অনুষ্ঠিত সমাবেশে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. জসিমউদ্দীন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. জসিমউদ্দীন প্রধান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
তিনি ২০২৫ সালের ১৯ আগস্ট থেকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মতলব কমিউনিটি সেন্টারে শনিবার রাতে অনুষ্ঠিত যুব ও সুধী সমাবেশে তিনি দলের আদর্শ ও কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন এবং ওই সমাবেশেই সহযোগী সদস্য ফরম পূরণ করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মোবিন।
মতলব পৌরসভার সেক্রেটারি মো. কবির হোসেন দেওয়ান ও যুব বিভাগের সেক্রেটারি মো. ইদ্রিস খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হারুন অর রশিদ ওসমানী, মতলব দক্ষিণ উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ আব্দুর রশীদ পাটওয়ারী, পৌরসভা জামায়াতের আমির মুহাম্মদ জসিম উদ্দিন প্রধান, সেক্রেটারি দেওয়ান কবির হোসেন, পেশাজীবীর সভাপতি রেদওয়ান আহমেদ জাকির এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শরীফ পাটওয়ারী।
বক্তারা বলেন, দেশ ও সমাজ গঠনে আদর্শিক ও মানবিক নেতৃত্ব প্রতিষ্ঠায় সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ প্রয়োজন। তারা আশা প্রকাশ করেন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. জসিমউদ্দীনের এই যোগদান স্থানীয় রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
জসিমউদ্দীন প্রধান বলেন, “আল্লাহর আইন ও কোরআন সুন্নাহর ভিত্তিতে এই দেশ-রাষ্ট্র পরিচালনা হোক- এই প্রত্যাশায় আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। আমি কোনও রাজনৈতিক দলে ছিলাম না। আমার জীবনে আমি কোনও অন্যায়ের সাথে জড়িত ছিলাম না। ভবিষ্যতে নিজের ব্যক্তিগত, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে কোরআন ও সুন্নাহর ওপর থাকতে চাই।”
ছবির ক্যাপশন: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ জসিমউদ্দীনকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।