পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র ও সরঞ্জাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ (মূল) দলের তিন সদস্যকে আটক করা হয়েছে।
অভিযানে একটি একে-২২ রাইফেলসহ গোলাবারুদ ও চাঁদাবাজির সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর শনিবার রাতে জানায়, গুইমারা রিজিয়নের আওতাধীন বুদংছড়া এলাকায় দুপুর ১২টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল সেখানে অবস্থান নেয় বলেও জানায় আইএসপিআর।
অভিযানের সময় দুটি মোটরসাইকেলে কয়েকজন সশস্ত্র ব্যক্তি ঘটনাস্থল অতিক্রমের চেষ্টা করলে তাদের থামার জন্য বলা হয়। তবে তারা তা উপেক্ষা করে সেনাসদস্যদের লক্ষ্য করে গুলি চালায় বলেও জানানো হয়।
আইএসপিআর জানায়, এ সময় আত্মরক্ষার্থে সেনাবাহিনী পাল্টা গুলি চালায়। এতে ইউপিডিএফ (মূল) দলের সদস্য সাথোয়াই মারমা (৩২) ঘাড়ে গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থল থেকে রনেল চাকমা (২৮) ও সার্চিং মারমা ওরফে রাজু (২২) নামে দুইজনকে আটক করা হয়।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে একটি একে-২২ রাইফেল (ম্যাগাজিনসহ), ছয় রাউন্ড তাজা গুলি, একটি ফায়ারকৃত গুলির খোসা এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় বলেও জানিয়েছে আইএসপিআর।
আহত সাথোয়াই মারমাকে প্রথমে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে পুলিশি হেফাজতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
আইএসপিআর আরও জানায়, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।