বান্দরবান সদর উপজেলা বাঘমারা বাজারে রবিবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বান্দরবান সদর উপজেলার একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অন্তত ৫০টি দোকান ও বসতঘর পুড়ে গেছে বলে দাবি স্থানীয়দের।
সদরের জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে রবিবার ভোর ৪টায় এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ভোরে হঠাৎ বাজারে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে অধিকাংশ দোকান ও বসতঘরে দাহ্যসামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের দোকানের মালামাল পুড়ে যাওয়ায় তারা নিঃস্ব হয়ে গেছেন।
জামছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্য সিং শৈ মারমা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। প্রাথমিকভাবে প্রায় ৫০টি দোকান ও বসতঘর পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাতক্ষণিকভাবে নিরূপন করা হয়নি বলেও জানান তিনি।
বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী বলেন, আগুনের খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণাটর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। দুর্গম এলাকা হওয়ায় কিছুটা বেগ পেতে হয়েছে। তদন্তের পর আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।
এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসেও ভয়াবহ অগ্নিকাণ্ডে বাঘমারা বাজার পুড়ে গিয়েছিল।