উজিরপুর (বরিশাল) প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৬ ১০:১৬ এএম
উজিরপুরে অগ্নিসংযোগের ঘটনায় পুড়ে যাওয়া বিএনপি নেতা ইকবাল হাওলাদারের দোকান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বরিশালের উজিরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতা ইকবাল হাওলাদারের মুদি দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
অগ্নিসংযোগের ঘটনাটি রবিবার গভীর রাতে সংঘটিত হয় বলে জানিয়েছে স্থানীয়রা।
স্থানীয়রা বলেন, তাদের চেষ্টায় ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও দোকানে থাকা মালামালসহ বেশিরভাগ অংশ পুড়ে যায়।
তারা আরও দাবি করেন, দোকানে থাকা মালামালের পুড়ে যাওয়া প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও বিএনপি নেতা ইকবাল হাওলাদার অভিযোগ করেন, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে।
তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
একই সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে বিলম্ব হওয়ায় উজিরপুর ফায়ার সার্ভিসের গাফিলতির অভিযোগও তোলেন তিনি।
ঘটনার বিষয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান টুলু, পৌর বিএনপির আইনবিষয়ক সম্পাদক মো. রিয়াজ মিয়াসহ স্থানীয় নেতারা।
এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস প্রদান করেন।