চাঁদপুর প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৬ ২২:৩৭ পিএম
আপডেট : ১৬ মে ২০২৬ ২২:৩৯ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দেশে একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, “রাজনীতির নামে যদি কেউ বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, রাজনীতির নামে যদি কেউ অরাজকতা সৃষ্টি করতে চায়; আপনারা কি বসে থাকবেন? আমরা কেউ বসে থাকব না। শক্ত হাতে প্রতিহত করব”।
চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান শেষে শনিবার এসব কথা বলেন তিনি ।
বিএনপির দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের রাজনীতি করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “বিএনপির রাজনীতি মানে খাল খনন, কৃষির উৎপাদন বৃদ্ধি, নতুন মিল কারখানা তৈরি, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা, স্বাস্থ্যের ব্যবস্থা করা, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা”।
সকলের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “এখন সময় কাজ করার, এখন সময় দেশ গড়ার। তাই আসুন দেশ গড়ার কাজে নেমে পড়ি। এই জনসভায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই, যাতে আমাদের দেশ গড়ার পথ কেউ বাধাগ্রস্ত না করতে পারে। এ জন্য সবাইকে সজাগ থাকতে হবে”।
তিনি বলেন, “আসুন আমরা এই শর্তে প্রতিজ্ঞাবদ্ধ হই, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ নম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মমিনুল হক, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।