নিহত দুই ভাই সিফাত আহমেদ ও স্বচ্ছ আহমেদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
লালমনিরহাটে তিস্তা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
সদর উপজেলার রাজপুর ইউনিয়নের সলেডি স্প্যার বাঁধ এলাকায় শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: লালমনিরহাট সীমান্ত: বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত |
নিহতরা সদর উপজেলার রাজপুর ইউনিয়নের খলাইঘাট এলাকার বাসিন্দা ও খলাইঘাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলামের ছেলে সিফাত আহমেদ (১৮) ও স্বচ্ছ আহমেদ (১৪)। তারা দুজনই লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে বাড়ির পাশের তিস্তা নদীর চরাঞ্চলে সহপাঠীদের সঙ্গে খেলতে যান দুই ভাই। খেলা শেষে ছোট ভাই স্বচ্ছ গোসল করতে নদীতে নামলে গভীর পানিতে তলিয়ে যেতে থাকে। এ সময় তাকে উদ্ধার করতে বড় ভাই সিফাত নদীতে ঝাঁপ দেন। কিন্তু স্রোতের তোড়ে দুই ভাইই পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
রাজপুর ইউনিয়ন পরিষদের সদস্য ডাব্লিউ অধিকারী জানান, ছোট ভাই নদীতে ডুবে যাওয়ার সময় তাকে বাঁচাতে গিয়ে বড় ভাইও পানিতে তলিয়ে যায়।
লালমনিরহাট সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. সোয়াদ বলেন, “হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে”।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।