× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ডোনাল্ড ট্রাম্পের’ চেয়ে দাম বেশি ‘নেতানিয়াহুর’

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ১৬ মে ২০২৬ ১৬:০৬ পিএম

আপডেট : ১৬ মে ২০২৬ ১৮:১৬ পিএম

‘ডোনাল্ড ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

‘ডোনাল্ড ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ আলোচিত ডোনাল্ড ট্রাম্পের পর বন্দরের এসএস ক্যাটেল খামারে আলোচনার তুঙ্গে থাকা এলবিনো জাতের মহিষ ‘নেতানিয়াহু’ বিক্রি হয়ে গেছে।

হালকা গোলাপি রঙের বিশালাকৃতির এই মহিষটি শুক্রবার রাতে সাড়ে ৬ লাখ টাকায় কিনে নিয়েছেন ঢাকার একজন রাজনৈতিক দলের নেতা। তবে তিনি নাম ও পরিচয় প্রকাশ করতে চাননি।

তবে  ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু বিক্রি হলেও এখনও খামারেই রয়েছে। প্রতিদিন দেখার জন্য মানুষ ভিড় করছে। ঈদুল আজহার দুদিন আগে মহিষ দুটিকে ক্রেতার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে বলে খামার দুটির মালিক জানিয়েছেন।

আরও পড়ুন: কোরবানির হাট মাতাতে প্রস্তুত ৪০ মণের ‘বাহারাম বাদশা’

এসএস ক্যাটেল কর্তৃপক্ষ জানায়, বিরল এলবিনো জাতের এই মহিষটি যখন খামারে আনা হয়েছিল, তখন এর ওজন ছিল মাত্র ৩০০ কেজি। দীর্ঘদিনের সঠিক পরিচর্যা ও প্রাকৃতিক খাবারের মাধ্যমে বড় করার পর বর্তমানে এর ওজন দাঁড়িয়েছে ৭০০ কেজিতে। খামারজুড়ে অনেক পশু থাকলেও আকর্ষণের কেন্দ্রে ছিল এই মহিষটি।

এসএস ক্যাটেলের ব্যবস্থাপক মেহেদি হাসান জানান, এলাকার মানুষ শখ করে মহিষটির নাম রেখেছে ‘নেতানিয়াহু’। নামটির কারণে মানুষের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি হয়েছে। প্রতিদিন শত শত মানুষ একে দেখতে খামারে ভিড় করছেন।

তিনি জানান, গোলাপি রঙের এই দানবীয় মহিষটি কোরবানির জন্য ইতোমধ্যে বিক্রি হয়ে গেলেও খামারে দর্শনার্থীদের আনাগোনা কমেনি।

খামারের রাখালরা জানান, মহিষটির স্বভাব এতটাই বদমেজাজি যে খাবার দিতে গেলেও সে সিং উঁচিয়ে ‘যুদ্ধ ঘোষণা’ করে বসে। এ কারণেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নামের সঙ্গে মিল রেখে তার নাম রাখা হয়েছে ‘নেতানিয়াহু’।

খামার পরিদর্শনে গিয়ে দেখা যায়, দর্শনার্থীরা নিরাপদ দূরত্ব বজায় রেখে মহিষটিকে দেখছেন। কেউ কেউ হাসতে হাসতে বলছেন, “মহিষটা এমন ভাব নিচ্ছে যেন পুরো খামারের নিরাপত্তা তার হাতেই!” আবার অনেকে বলছেন, “চোখ-মুখের এক্সপ্রেশন আর চুলের স্টাইল দেখলে সত্যিই নেতানিয়াহুর কথা মনে পড়ে।”

বন্দর এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, সচরাচর এতো ওজনের এবং এই রঙের মহিষ এ অঞ্চলে দেখা যায় না। তাই কোরবানির ঈদের আগে ‘ডোনাল্ড ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’ পুরো উপজেলার টক অব দ্য টাউন।

এর আগে শহরের পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্মে পশু কেনার চেয়ে দর্শনার্থীদের ভিড় ছিল বেশি। এই খামারেই রয়েছে প্রায় ৭০০ কেজি ওজনের এক গোলাপি রঙের অ্যালবিনো জাতের মহিষ, যার নাম রাখা হয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে। মহিষটি ইতোমধ্যে ৩ লাখ ৮৫ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে জানিয়েছেন খামারের মালিক জিয়া উদ্দিন মৃধা।

অটোরিকশা থেকে খামারের নামতেই দেখা গেল, অনেকে কৌতূহলী হয়ে ফার্মে ঢুকছেন ট্রাম্পকে দেখতে, আবার কেউ বের হচ্ছেন ট্রাম্পকে দেখা শেষ করে। ছবি ভাইরাল হওয়ার পর থেকে প্রতিদিনই অসংখ্য মানুষ মহিষটিকে দেখতে ভিড় জমাচ্ছেন।  

ঢুকতেই কথা হলো খামারের রাখাল জুবায়ের, মুকারিম ও আহাদের সঙ্গে। কৌতূহলী মানুষের ভিড় সামলাতে তারা ব্যস্ত। জুবায়ের বললেন, “আমাদের খামারে বিভিন্ন গরুর নানা মজার নাম রয়েছে। যেমন- তুফান, রহমান ডাকাত, মাস্তান। এর মধ্যে আমাদের ফার্মের মালিক জিয়া উদ্দিন মৃধার ছোট ভাই নুরুদ্দিন আহমেদ মজা করে এই গোলাপি মহিষের নাম রেখেছে ‘ডোনাল্ড ট্রাম্প’।”

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল মান্নান জানিয়েছেন, নারায়ণগঞ্জে এবার কোরবানির পশুর চাহিদা ১ লাখ ৩ হাজার। ৬ হাজার ৫৩৫টি খামারে কোরবানির পশু প্রস্তুত আছে ১ লাখ ১৩ হাজার পশু। 

তিনি জানান, ২০২৫ সালে নারায়ণগঞ্জে কোরবানির পশুর মোট চাহিদা ছিল প্রায় এক লাখ। গত বছর কোরবানির জন্য জেলায় প্রস্তুত পশু ছিল ৮৬ হাজার ৪২৬টি। ফলে গত বছরের চেয়ে এবার নারায়ণগঞ্জের খামারগুলোতে পালন করা গরুর সংখ্যা বেশি। নারায়ণগঞ্জের গরু ছাড়াও জেলার বিভিন্ন হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা তাদের গরু নিয়ে বিক্রির জন্য আসবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা