কলাপাড়ায় অভিযান চালিয়ে জেলেদের বরাদ্দকৃত ৭৮০ কেজি সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পটুয়াখালীর কলাপাড়ায় জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি ৭৮০ কেজি চাল একটি বসতবাড়ি থেকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামে শুক্রবার দিবাগত রাত একটার দিকে এ অভিযান পরিচালিত হয়।
‘ইতালি বাড়ি’ নামে পরিচিত ইমরান হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করা হয় বলে জানায় প্রশাসন।
অভিযানে দেখা যায়, সরকারি সিলযুক্ত ২৬টি বস্তায় মোট ৭৮০ কেজি চাল মজুদ ছিল। পাশাপাশি ঘটনাস্থল থেকে আরও ২৪টি খালি বস্তাও উদ্ধার করা হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, বাড়িটিতে শুধুমাত্র নারী সদস্য থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিক্রির উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট কেউ চালগুলো সেখানে মজুদ করেছিল।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।