× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যন্ত্রণায় কাতর প্রসূতি মা, হাসপাতালে নিতে নিজের গাড়ি দিলেন বিএনপি নেতা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক

প্রকাশ : ১৬ মে ২০২৬ ০৯:০৩ এএম

আপডেট : ১৬ মে ২০২৬ ০৯:০৬ এএম

নীলডুমুর খেয়াঘাটে প্রসব যন্ত্রণায় কাতর অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতালে পাঠাতে নিজের গাড়ি দেন মনিরুজ্জামান মনির। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নীলডুমুর খেয়াঘাটে প্রসব যন্ত্রণায় কাতর অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতালে পাঠাতে নিজের গাড়ি দেন মনিরুজ্জামান মনির। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সাতক্ষীরায় প্রসব যন্ত্রণায় কাতর এক অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতালে পৌঁছে দিতে ব্যক্তিগত গাড়ি দিয়ে দেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ড. মনিরুজ্জামান মনির।

জেলার শ্যামনগরের উপকূলীয় নীলডুমুর খেয়াঘাট এলাকায় শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

রাতে জরুরি মুহূর্তে তার এমন সহায়তায় মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গাবুরা ইউনিয়নের চাঁদনিমুখা গ্রামের মো. হারুনের স্ত্রী হীরা (২০) হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে নৌকায় করে নদী পার হয়ে নীলডুমুর খেয়াঘাটে নিয়ে আসেন।

প্রসব যন্ত্রণায় কাতর হয়ে কান্নায় ভেঙে পড়েন অন্তঃসত্ত্বা হীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হাসপাতালে নেওয়ার জন্য খেয়াঘাটে পৌঁছালেও রাত হওয়ায় সেখানে কোনো যানবাহন পাওয়া যাচ্ছিল না। এ সময় প্রসব যন্ত্রণায় কাতর হয়ে কান্নায় ভেঙে পড়েন অন্তঃসত্ত্বা হীরা, জানান তারা।

পরিবারের সদস্যরাও চরম উৎকণ্ঠা ও উদ্বেগের মধ্যে পড়ে যান। উপস্থিত লোকজনও দ্রুত কোনো যানবাহনের ব্যবস্থা করতে ব্যর্থ হন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

তারা আরও জানান, ঠিক সেই সময় একটি দলীয় কর্মসূচি শেষ করে বাড়ি ফিরছিলেন ড. মনিরুজ্জামান মনির। খেয়াঘাটে অসুস্থ নারীর কান্না শুনে তিনি গাড়ি থামিয়ে পুরো বিষয়টি জানতে চান।

ঘটনার গুরুত্ব বুঝতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে নিজের ব্যক্তিগত গাড়িতে ওই প্রসূতি মাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন। পরে তিনি নিজে মোটরসাইকেলে করে বাড়ির পথে রওনা হন।

বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক সাকির হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ 

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকদের তত্ত্বাবধানে নিরাপদে সন্তান প্রসব করেন হীরা। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক সাকির হোসেন।

প্রসূতি মায়ের পরিবারের সদস্যরা বলেন, সময়মতো সহযোগিতা না পেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। ড. মনিরুজ্জামানের মানবিক সহায়তায় মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন।

‘অতীতে নৌকায় সন্তান জন্ম দেওয়ার ঘটনাও ঘটেছে’

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উপকূলীয় এই অঞ্চলে জরুরি মুহূর্তে, বিশেষ করে রাতের বেলায়, গাড়ি পাওয়া অত্যন্ত কঠিন। যানবাহনের সংকটের কারণে প্রায়ই রোগীদের চরম দুর্ভোগে পড়তে হয়।

তারা আরও জানান, গাবুরা একটি দ্বীপবেষ্টিত ইউনিয়ন। সেখান থেকে প্রথমে নৌকায় নদী পার হতে হয়, এরপর প্রায় ২৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয়।

স্থানীয়দের ভাষ্য, অতীতে হাসপাতালে পৌঁছানোর আগেই নৌকায় সন্তান জন্ম দেওয়ার ঘটনাও ঘটেছে। ফলে এলাকাবাসী দীর্ঘদিন ধরেই সেখানে একটি হাসপাতাল স্থাপনের দাবি জানিয়ে আসছেন।

স্থানীয়দের দাবি, গাবুরায় একটি হাসপাতাল স্থাপন করা হলে উপকূলীয় এলাকার হাজারো মানুষের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।

এ বিষয়ে মনিরুজ্জামান মনির বলেন, মানুষের বিপদে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। একজন মা ও নবজাতকের জীবন রক্ষায় আমি সামর্থ্য অনুযায়ী দায়িত্ব পালনের চেষ্টা করেছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা