জুড়ী (মৌলভীবাজার) প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৬ ২০:৪৪ পিএম
তরুণদের উদ্যোগে তৈরি কৃত্রিম পাখির বাসা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মৌলভীবাজারের জুড়ীতে কামিনীগঞ্জ বাজারে এক মানবিক ঘটনার জন্ম দিয়েছেন দুই তরুণ।
একটি গাছের শুকনো ডাল ভেঙে পড়ে বাজারে, সেখান থেকে দুই তরুণ রক্ষা করে দুটি বসন্ত বৌরি পাখির ছানা।
উপজেলার কামিনীগঞ্জ বাজারে শুক্রবার এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের ব্যস্ত সড়ক দিয়ে এক পথচারী যাওয়ার সময় হঠাৎ মাথার উপর থেকে একটি শুকনো গাছের বড় ডাল ভেঙে পড়ে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওই পথচারী। ঘটনাস্থলের আশপাশে তখন আরও লোকজন ও যাত্রীবোঝাই একটি মাইক্রোবাস ছিল।
এর মধ্যেই উপস্থিত লোকজন লক্ষ করেন, ভেঙে পড়া ডালে দুটি ছোট পাখির ছানা আঘাত পেয়ে ছটফট করছে। বয়স কম হওয়ায় ছানাগুলো নিজেরা নড়াচড়া করতে পারছিল না।
তারা আরও জানান, ঠিক সেই সময় এগিয়ে আসেন দুই তরুণ জুবের আহমদ ও মাইক্রোবাস চালক আব্দুল কালাম। তারা পরিস্থিতি দেখে দ্রুত ছানাগুলোকে নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেন। তাদের পরামর্শে তাৎক্ষণিকভাবে একটি কৃত্রিম বাসা তৈরি করা হয়। ভেঙে যাওয়া বাসার কাছেই নিরাপদ স্থানে ছানাগুলোকে সেই নতুন বাসায় রাখা হয়, যাতে মা পাখিটি সহজেই তাদের খুঁজে পায়।