বগুড়া অফিস
প্রকাশ : ১৫ মে ২০২৬ ১৯:৩২ পিএম
আপডেট : ১৫ মে ২০২৬ ২৩:১৮ পিএম
রাহুল যাদব। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দেওয়া বগুড়ার এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে হাসপাতালে।
জেলা সদরের শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে শুক্রবার ভোরে প্রাণ হারান রাহুল যাদব (৩২)।
শহরের নামাজগড় ডালপট্টি এলাকার বাসিন্দা রাহুল ডাল আমদানিকারক ছিলেন।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল সাদিক এসব তথ্য নিশ্চিত করেন।
একাধিক স্বজনের ভাষ্য, দাম্পত্য কলহের জেরে কয়েক মাস আগে আট বছর বয়সী মেয়েকে রেখে চলে যান রাহুলের স্ত্রী। সে সময় থেকেই প্রচণ্ড মানসিক হতাশায় ভুগছিলেন রাহুল। বৃহস্পতিবার সকালে তিনি ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দেন।
এতে তিনি লিখেন, “নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। ভালো লাগছে না। আর ভালো থেকো সবাই। আমার বাবুটাকে তোমরা সবাই দেখে রাখিও।
“বাবু তুমি ভালো করে মানুষের মতো মানুষ হবে। তুমি গেলা; বাবুটাকে আমাদের এতিম করে দিয়ে গেলা। ভালো থেকো। আমিও হয়তো আর থাকব না এই পৃথিবীতে”।
ওই স্ট্যাটাস দেওয়ার পর বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে রাহুল ট্যাবলেট খান বলে জানান তার স্বজনরা।
তারা আরও জানান, বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা ব্যবসায়ীকে দ্রুত শজিমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।
জানতে চাইলে বগুড়া সদর থানার এসআই আব্দুল্লাহ আল সাদিক জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই রাহুলের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।