শৈলকূপা (ঝিনাইদহ) প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৬ ১৫:১১ পিএম
শৈলকূপায় কেটে ফেলা কলাবাগানের ক্ষতিগ্রস্ত অংশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রায় এক একর জমির কলাবাগান কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
উপজেলার ত্রিবেনী ইউনিয়নের চর নিশ্চিন্তপুর গ্রামে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এতে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক।
ক্ষতিগ্রস্ত কৃষক আশরাফুজ্জামান অভিযোগ করে বলেন, ত্রিবেনী ইউনিয়নের বসন্তপুর গ্রামের ইমন হোসেন মিল্টন দীর্ঘদিন ধরে জাল দলিলের মাধ্যমে জমি দখলের চেষ্টা করে আসছেন। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে।
তার দাবি, বৃহস্পতিবার সকালে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ১০ থেকে ১৫ জন লোক তার জমিতে প্রবেশ করে প্রায় ৫০০টি কলাগাছ কেটে ফেলে। পরে কয়েকটি ভ্যানে করে কলা নিয়ে যাওয়া হয় এবং ট্রাক্টর দিয়ে জমি চষে দেওয়া হয়।
আশরাফুজ্জামান বলেন, আমি গরিব মানুষ। এই জমির ফসলের ওপরই পরিবারের জীবিকা নির্ভর করে। কয়েক লাখ টাকার ক্ষতি হয়ে গেছে। এখন আমি নিঃস্ব হয়ে পড়েছি।
ক্ষতিগ্রস্ত কৃষকের ভাই মোয়াজ্জেম হোসেন বলেন, ১৯৬৪ সাল থেকে তাদের পরিবার জমিটি ভোগদখল করে আসছে। তার বাবা ভীম চন্দ্র নামে একজনের কাছ থেকে জমি কিনেছিলেন এবং এরপর থেকেই তারা সেখানে চাষাবাদ করছেন।
তিনি আরও বলেন, জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকলেও প্রতিপক্ষ জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ইমন হোসেন মিল্টন। তিনি বলেন, ২০২২ সালে তিনি জমিটি কিনেছেন এবং ২০২৪ সালে রেজিস্ট্রি সম্পন্ন করেছেন।
তার দাবি, বিপরীত পক্ষই এতদিন জাল দলিলের মাধ্যমে জমি ভোগদখল করছিল এবং তিনি নিজের জমি বুঝে নিয়েছেন।
এ বিষয়ে শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনাটি নিয়ে মৌখিক অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।