টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৬ ১৫:০০ পিএম
আপডেট : ১৫ মে ২০২৬ ১৫:১৪ পিএম
টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের গুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।
টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লকে বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঘটনাটি ঘটে।
নিহত হাসান আহমেদ ওরফে কালা হাসান (৪৫) ডাকাত বাহিনী ‘জকির গ্রুপের’ সক্রিয় সদস্য ছিলেন। তিনি ঐ এলাকার সুলতান আহমেদের ছেলে। নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লকের ৬৩৪ নম্বর শেডে থাকতেন তিনি।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার শুক্রবার সকালে এসব জানিয়েছেন।
হাসানের বিরুদ্ধে তিনটি অস্ত্র মামলা, দুটি ডাকাতির প্রস্তুতি মামলা এবং দুটি অপহরণ মামলা বিচারাধীন বলেও জানিয়েছে এপিবিএন অধিনায়ক।
স্থানীয়দের বরাতে ব্যাটালিয়ন অধিনায়ক জানান, ক্যাম্পে আধিপত্য বিস্তার, মসজিদ কমিটি নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে আলোচনার কথা বলে মুচনী রেজিস্টার্ড ক্যাম্প কমিটির এক সদস্য রাতে হাসানকে ডেকে নেন। প্রতিপক্ষের কাছে আগে থেকে খবর থাকায় ওত পেতে থাকে সাদ্দাম হোসেন নামে আরেক রোহিঙ্গার। তার নেতৃত্বে ছয় থেকে সাত সশস্ত্র সদস্য তাকে লক্ষ্য করে গুলি চালায়।
স্থানীয়রা হাসানকে প্রথমে ক্যাম্পসংলগ্ন জিকে হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
অধিনায়ক আরও জানান, নয়াপাড়া এপিবিএনের একটি দল ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে টেকনাফ মডেল থানা পুলিশ গিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।
টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক সুকান্ত চৌধুরী বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে”।