উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বগুড়া দীর্ঘদিন ধরেই সিটি করপোরেশন ঘোষণার দাবিতে আলোচনায় ছিল। গ্রাফিক্স: সংগৃহীত
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর বগুড়া অবশেষে সিটি করপোরেশন হিসেবে স্বীকৃতি পেল।
এ সংক্রান্ত সরকারি গেজেট বৃহস্পতিবার প্রকাশ করেছে স্থানীয় সরকার বিভাগ।
গেজেটে জানানো হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯–এর ধারা ৩(৩) অনুযায়ী বর্তমান বগুড়া পৌরসভা এবং আশপাশের সম্প্রসারিত এলাকা যুক্ত করে নতুন এই সিটি করপোরেশন গঠন করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান স্বাক্ষরিত গেজেটে নতুন সিটি করপোরেশনের সীমানা ও ওয়ার্ড বিন্যাসও নির্ধারণ করা হয়েছে।
নতুন সিটি করপোরেশনে মোট ২১টি ওয়ার্ড রাখা হয়েছে। এতে বগুড়া পৌর এলাকার পাশাপাশি সদর উপজেলা ও শাজাহানপুর উপজেলার কয়েকটি মৌজা অন্তর্ভুক্ত করা হয়েছে।
অন্তর্ভুক্ত এলাকার মধ্যে রয়েছে ফুলবাড়ী, নিশিন্দারা, কাটনারপাড়া, সুত্রাপুর, চকবৃন্দাবন, মালগ্রাম, ঠনঠনিয়া, গাড়ামাড়া, মালতীনগর, লতিফপুর, ফুলদিঘী ও বেতগাড়ীসহ আরও কয়েকটি অঞ্চল।
এর আগে সম্প্রসারিত এলাকা নিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে স্থানীয় বাসিন্দাদের মতামত গ্রহণ করা হয়। পরে সেই মতামত ও প্রশাসনিক প্রতিবেদন পর্যালোচনা করে বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বগুড়া দীর্ঘদিন ধরেই সিটি করপোরেশন ঘোষণার দাবিতে আলোচনায় ছিল। নতুন এ প্রশাসনিক কাঠামোর মাধ্যমে নগর ব্যবস্থাপনা ও নাগরিক সেবার মান আরও উন্নত হবে বলে আশা করছেন স্থানীয়রা।