মেডিক্যাল প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৬ ২২:৪৬ পিএম
আপডেট : ১৫ মে ২০২৬ ০৮:২৮ এএম
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা ঘাট বিদ্যুৎ কেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শংকর (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। এই দুর্ঘটনায় শংকরসহ মোট ১২ জন দগ্ধ হয়েছিলেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বুধবার দুপুর পৌনে দুইটার দিকে দগ্ধ অবস্থায় ১২ জনকে ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে শংকর শরীরের ৪৬ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।
ডা. শাওন বিন রহমান আরও জানান, দগ্ধদের মধ্যে যাদের আঘাত তুলনামূলক কম ছিল, এমন ছয়জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। তবে বর্তমানে আরও পাঁচজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে সোনারগাঁওয়ের মেঘনা ঘাট এলাকায় বুধবার একটি বিদ্যুৎ কেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে আকস্মিক বিস্ফোরণ ঘটে। এতে সেখানে কর্মরত ও অবস্থানরত ১২ জন শ্রমিক ও কর্মচারী দগ্ধ হন।