বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৬ ১৯:২৯ পিএম
ভুক্তভোগী সাংবাদিক রইসুল ইসলাম ইমন (বায়ে), অভিযুক্ত কনস্টেবল সালাউদ্দিন হাওলাদার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
অনিয়মের তথ্য অনুসন্ধান করায় এক সাংবাদিককে হাত-পা ভেঙে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে।
পটুয়াখালীর বাউফলে সরকারি আশ্রয়ণ প্রকল্পের নির্মাণকাজের তথ্য সংগ্রহ করতে গিয়ে এই হত্যার হুমকি পেয়েছেন রইসুল ইসলাম ইমন নামের এক সাংবাদিক।
ভুক্তভোগী রইসুল বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির বাউফল প্রতিনিধি। ঘটনার পর বুধবার বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
জিডি সূত্রে জানা যায়, উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের রায়সাহেব এলাকায় ‘মুজিব কেল্লা’ নামের একটি আশ্রয়ণ প্রকল্পের নির্মাণকাজ করছেন ঠিকাদার রিপন হাওলাদার। নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও নির্ধারিত শিডিউল অনুযায়ী কাজ না করার অভিযোগের তথ্য সংগ্রহ করতে ঘটনাস্থলে যান সাংবাদিক ইমন।
এতে ক্ষুব্ধ হয়ে ঠিকাদার রিপন হাওলাদারের আত্মীয় এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত কনস্টেবল সালাউদ্দিন হাওলাদার কয়েক দফায় ফোন করে সাংবাদিক ইমনকে প্রাণনাশ ও হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত সালাউদ্দিনের বাড়ি উপজেলার ধুলিয়া ইউনিয়নের রাবাই গ্রামে।
সাংবাদিক রইসুল ইসলাম ইমন বলেন, “এটা স্বাধীন সাংবাদিকতায় বাধা। একজন পুলিশ সদস্য হয়ে কোনোভাবেই এভাবে হুমকি দিতে পারে না”।
এদিকে এই ঘটনার একটি অডিও রেকর্ড ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক মহল ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। একই সঙ্গে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “অভিযোগের বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে”।