ফতুল্লা মডেল থানা। ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জ ফতুল্লায় নাছির (৬০) নামে এক ডিশ ব্যবসায়ীকে নিজ ব্যাবসা প্রতিষ্ঠানের ভেতরে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
ফতুল্লার চানমারী মাউড়াপট্টিতে ফ্রেন্ডস ক্যাবল অফিসে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত নাছির চানমারী মাউড়াপট্টি এলাকার মৃত সাইজ্জদিনের ছেলে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবারও নাছির তার ব্যাবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। দুপুর ১টার দিকে হঠাৎ তার ডাক-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক আলাউদ্দিন জানান, ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি হাতে কালো পাঞ্জাবি পরিহিত একজনকে দৌড়ে মাইক্রো স্ট্যান্ডের দিকে চলে যেতে দেখেছেন তিনি।
ওসি মাহাবুব আলম জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত কভারসহ একটি ছুরি উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।