মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ১৪ মে ২০২৬ ১৫:৩৭ পিএম
নূরপুর হাওরে ডুবে যাওয়া নৌকা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওরে ধান কাটতে গিয়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হন ইমান মিয়া (২৯) নামে এক কৃষি শ্রমিক।
নিখোঁজের ২১ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
উপজেলার আদমপুর ইউনিয়নের নূরপুর হাওর থেকে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করেন।
পরে স্বজনরা মরদেহটি শনাক্ত করেন। এর আগে বুধবার দুইটার দিকে নিখোঁজ হন তিনি।
নিহত ইমান মিয়া উপজেলার আদমপুর ইউনিয়নের নূরপুর এলাকার আবুল হোসেনের ছেলে।
অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে কথা হয় কয়েকজন প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে।
তারা জানান, বুধবার সকালে চারজন শ্রমিক নূরপুর হাওরে ধান কাটতে যান। তারা সেখানকার কৃষক জাকারিয়ার জমিতে কাজ করছিলেন—
সকাল থেকে আবহাওয়া স্বাভাবিক থাকলেও দুপুরের দিকে হঠাৎ করেই আকাশ ঘন মেঘে ছেয়ে যায়। এরপর শুরু হয় দমকা হাওয়া, ঝড় ও বৃষ্টিপাত।
তারা আরও জানান, আবহাওয়ার অবনতি হওয়ায় শ্রমিকরা কাজ বন্ধ করে নৌকাযোগে বাড়ির উদ্দেশে রওনা দেন। কিন্তু পথে হাওরের প্রবল ঢেউ ও বাতাসে ছোট নৌকাটি ডুবে যায়।
এ সময় নৌকায় থাকা অন্য তিন শ্রমিক কোনোভাবে সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। তবে সে সময় ইমান মিয়া পানির তলিয়ে যান এবং পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি বলেও জানান তারা।
খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে দুইজন ডুবুরিসহ চার সদস্যের একটি দল দিনভর হাওরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালায়।
অবশেষে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নূরপুর হাওরের তার মরদেহ ভাসতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোফাজ্জল হোসেন জানান, কিশোরগঞ্জ থেকে দুইজন ডুবুরিসহ চার সদস্যের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ শ্রমিকের উদ্ধারে অভিযান পরিচালনা করেন।
সাধারণত পানিতে ডুবে যাওয়ার ১৬ থেকে ২০ ঘণ্টা পর মরদেহ ভেসে ওঠে। তবে অনেক সময় পানির স্রোতে মরদেহ ভিন্ন স্থানে চলে যায় বলেও উল্লেখ করেন তিনি।
ওসি মোহাম্মদ রোকনুজ্জামান জানান, নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।