× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে ফেরার দুই দিন আগে ওমানে প্রাণ গেল চার ভাইয়ের

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১৪ মে ২০২৬ ১৫:১৯ পিএম

আপডেট : ১৪ মে ২০২৬ ১৬:৩১ পিএম

ওমানে নিহত চার সহোদর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ওমানে নিহত চার সহোদর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে একটি গাড়ির ভেতর থেকে চার প্রবাসী বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। ওমানের মুলাদ্দাহ এলাকায় বুধবার রাতে তাদের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।

নিহত চারজন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বান্দারাজার পাড়া এলাকার বাসিন্দা এবং সহোদর। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন রাসেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম।

নিহতদের স্বজনদের বরাতে জানা যায়, পরিবারের এক ভাইয়ের বিয়ের আয়োজন উপলক্ষে তাদের মধ্যে দুই ভাইয়ের ১৫ মে দেশে ফেরার কথা ছিল। বুধবার সন্ধ্যায় চার ভাই ওমানের বারকা এলাকা থেকে মুলাদ্দাহর উদ্দেশ্যে রওনা হন। রাত ৮টার পর তাদের একজন এক আত্মীয়কে ভয়েস মেসেজ পাঠিয়ে অসুস্থতার কথা বলেন। নিজেদের লোকেশন পাঠিয়ে তিনি বলেন, গাড়ি থেকে বের হওয়ার মতো অবস্থাও তাদের নেই।

পরে মুলাদ্দাহ এলাকার একটি ক্লিনিকের সামনে পার্ক করা গাড়ির ভেতরে চারজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির ভেতরে কোনো বিষাক্ত গ্যাস তৈরি হওয়ায় তাদের মৃত্যু হতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য পূর্ণাঙ্গ ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে ওমান পুলিশ।

তাদের মধ্যে এক ভাই মাত্র সাত মাস আগে বিয়ে করে প্রবাসে গিয়েছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

এদিকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পরিবারের এক সদস্য ছাড়া অন্যদের কাছে মৃত্যুর খবরটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বলে জানা গেছে। সকালে নিহতদের বাড়িতে গিয়ে দেখা যায়, গণমাধ্যম ও স্থানীয় কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। নিহতদের মা শারীরিকভাবে অসুস্থ থাকায় বিষয়টি প্রাথমিকভাবে গোপন রাখা হয়েছে বলে জানিয়েছেন তারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান বলেন, “এ ধরনের হৃদয়বিদারক ঘটনা পুরো রাঙ্গুনিয়াবাসীকে শোকাহত করেছে”।

তিনি মরহুমদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা