নজরুল ইসলাম। ফাইল ছবি
নারায়নগঞ্জের সোনারগাঁয়ে ঘরে ঢুকে নজরুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
উপজেলার মোগরাপাড়া মুক্তিশপুর এলাকায় নজরুল ইসলামের নিজ বাড়িতে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামের গাজী মিয়ার ছেলে।
নিহতের স্ত্রী শাহানাজ বেগম জানান, রাত সাড়ে ১২টার দিকে ৪/৫ জন মুখোশধারী তার স্বামীর নাম ধরে ডাকেন। দরজা খোলার পর মুখোশধারীরা ঘরে প্রবেশ করে তার স্বামীর হাত-পা বেঁধে মারধর করেন। তাকেও মারধর করে ঘরে চাবি নেয় মুখোশধারীরা। এ সময় চিনে ফেলার কারনে তার স্বামী নজরুল ইসলামকে শ্বাসরোধ করে হত্যা করে। ঘরে থাকা নগদ ৬০ হাজার টাকা ও প্রায় ৫ ভরি স্বর্ণালংকারসহ ১২ লাখ টাকার মালামাল লুট করে নেয়।
এলাকাবাসী জানান, নজরুল ইসলামের দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। কয়েক বছর আগে মোটরসাইকেল দুর্ঘটনায় তার একমাত্র ছেলে মারা যায়। বর্তমানে তিনি স্ত্রীকে নিয়ে গ্রামের একটি টিনশেড বাড়িতে বসবাস করতেন। তিনি সুতা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সামান্য আয়েই চলত তাদের সংসার। বসতভিটা ছাড়া তেমন কোনো অর্থ-সম্পদও ছিল না।
স্থানীয়দের ভাষ্য, নজরুল ইসলামের বাড়ি কিছুটা নির্জন স্থানে হওয়ায় ঘটনার সময় আশপাশের কেউ কিছু টের পায়নি। তবে বাড়ির দরজা-জানালা ও অন্যান্য আলামত দেখে ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন তারা।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, “এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ডাকাতির কোনও চিহ্ন পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য উজ্জল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।