বাউফল প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৬ ২১:৪৮ পিএম
বাউফল থেকে নিখোঁজের ৫৬ ঘণ্টা পর গাজীপুর থেকে উদ্ধার হওয়া চার কিশোরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পটুয়াখালীর বাউফলে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া চার কিশোরীকে ৫৬ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ।
গাজীপুরের কোনাবাড়ী মৌচাক এলাকার একটি ভাড়া বাসা থেকে বুধবার সন্ধ্যায় তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল এই তথ্য নিশ্চিত করেছেন।
উদ্ধার হওয়া কিশোরীরা হলো উপজেলার নাজিরপুর এলাকার মান্নান গাজীর মেয়ে সানজিদা আক্তার (১২), আলী হোসেনের মেয়ে আয়শা আক্তার (১৩), খোকন সরদারের মেয়ে ইসমত জেরিন সাজনিন (১২) এবং আল আমিনের মেয়ে রায়সা আক্তার।
তাদের পরিবারের ভাষ্য, গত ১০ মে স্কুলে যাওয়ার কথা বলে নিজ নিজ বাড়ি থেকে বের হয় চার কিশোরী। কিন্তু স্কুল ছুটির পরও তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্কুলে যোগাযোগ করে জানা যায়, তারা ওইদিন স্কুলেই যায়নি। সম্ভাব্য বিভিন্ন স্থান, আত্মীয়স্বজন ও সহপাঠীদের বাড়িতে খোঁজ নিয়েও তাদের সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
নিখোঁজ কিশোরীদের মধ্যে তিনজন নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী এবং অপরজন স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
পারিবারগুলোর দাবি, নিখোঁজ হওয়ার পরদিন সোমবার অচেনা একটি নম্বর থেকে কিশোরীদের মধ্যে একজন তার মায়ের মোবাইলে ফোন করে জানায়, তারা এক ‘আন্টির’ সঙ্গে বেড়াতে গেছে। তবে কোথায় আছে বা কার সঙ্গে রয়েছে সে বিষয়ে কিছু না বলেই ফোন কেটে দেয়। পরে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর সদর থানা পুলিশের সহযোগিতায় গাজীপুরের কোনাবাড়ী মৌচাক এলাকার একটি ভাড়া বাসা থেকে চার কিশোরীকে উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, পরিবারের ওপর অভিমান করে তারা বাড়ি ছেড়ে গাজীপুরে গিয়ে বাসা ভাড়া নেয় এবং গার্মেন্টসে চাকরি করার পরিকল্পনা করেছিল। বর্তমানে তারা গাজীপুরের কাপাসিয়া পুলিশ ফাঁড়িতে নিরাপদে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দ্রুত তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।