নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ১৩ মে ২০২৬ ১৫:৫০ পিএম
আপডেট : ১৩ মে ২০২৬ ১৬:০৭ পিএম
বিস্ফোরণে দরজা-জানালার কাচ ভেঙে যায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়েছেন।
মেঘনা ঘাট এলাকায় জেরা বিদ্যুৎকেন্দ্রে বুধবার দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার এই তথ্য নিশ্চিত করেছেন।
দগ্ধরা হলেন মনির হোসেন (৪৫), আল আমিন (৪০), নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শঙ্কর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) বদরুল হায়দার (৫০)।
দগ্ধদের সহকর্মীরা জানান, বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী সবাই দুপুরে তাদের নিজস্ব ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন। তখন ভিতরে বিস্ফোরণ হয়। এতে ক্যান্টিনে থাকা অন্তত ১২ জনের হাত, মুখ, পা পুড়ে যায়। তাদেরকে উদ্ধার করে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, “দুপুরে হাসপাতালে ১২ জন রোগী এসেছেন। কার কত শতাংশ পুড়ে গেছে তা দেখা হচ্ছে। পরবর্তীতে জানানো হবে”।
বিদ্যুৎকেন্দ্রের সেফটি কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, দগ্ধদের মধ্যে মো. আমির, শংকর, কাওছার, আল আমিন এই চারজন ক্যান্টিন বয়। বাকিরা বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা।
দুপুরে রান্নার পর অসাবধানতাবশত গ্যাসের চুলা চালু ছিল। তখন কেউ একজন আগুন ধরাতেই এ ঘটনা ঘটে বলে দাবি করছেন তিনি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার বলেন, “মেঘনা ঘাট এলাকার একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে”।