মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ১৩ মে ২০২৬ ১৪:৪৯ পিএম
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জে কটিয়াদীতে বাড়ির আঙিনায় খেলাধুলা করার সময় গর্তে জমে থাকা পানিতে ডুবে মোহাম্মদ চাঁদ নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগেরগাঁও এলাকায় বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু চাঁদ ওই এলাকার আশাদ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, বাড়ির আঙিনায় বুধবার সকালে খেলাধুলা করছিল শিশুটি। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির সামনের টিউবওয়েল সংলগ্ন একটি পানিভর্তি গর্তে পড়ে যায় সে। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।
তারা জানান, অনেকক্ষণ পর ওই গর্তের পানিতে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারজানা ববি শোভা বলেন, “শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।”
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, “বাড়ির সামনে টিউবওয়েলের পাশে গর্তে জমে থাকা পানিতে পরে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”