ফেনী প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৬ ১৪:০৭ পিএম
ফেনী মডেল থানা। ছবি: সংগৃহীত
ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নে শিরিন আক্তার (৩৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ইউনিয়নের চোছনা (পশ্চিম জের কাছাড়) গ্রামের একটি নির্মাণাধীন বাড়ি থেকে তার মরদেহটি মঙ্গলবার সন্ধ্যায় উদ্ধার করে পুলিশ।
নিহত শিরিন আক্তার শর্শদীর ইউনিয়নের জের কাছাড় গ্রামের মো. মানিক মিয়ার স্ত্রী।
নিহতের স্বামী বর্তমানে সৌদি প্রবাসী। এই দম্পতির ২ ছেলে ও ১ মেয়ে।
ফেনী মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে কথা হয় ওই এলাকার কয়েজনেন সঙ্গে।
তারা জানান, রিনা আক্তার তার স্বামীর ক্রয়কৃত জমির পাশের ভাড়া বাসায় অনেক বছর ধরে বসবাস করছেন। পাশেই তাদের নতুন বাড়ির নির্মাণ কাজ চলছে।
নিহতকে মঙ্গলবার বিকাল থেকে ঘরে না দেখতে পেয়ে তার সন্তানরা খোঁজাখুঁজি করতে থাকে।এরপর পরিবারের সদস্যরা সন্দেহের ভিত্তিতে নির্মাণাধীন ভবনে রাখা বালু সরাতে শুরু করেন বলেও জানান তারা।
তারা আরও বলেন, একপর্যায়ে ভেতর থেকে শিরিন আক্তারের মরদেহ পাওয়া যায়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে নিহতের ছেলে রাজু বলেন, মাকে বাসায় না পেয়ে তাদের নতুন নির্মাণাধীন বাড়িতে খুঁজতে যাই।
রাজু দাবি করেন, সেখানে কাজ করা সাইফুল নামের এক শ্রমিকের কাছে মায়ের বিষয় জানতে চাইলে তিনি তাকে দেখেননি বলে জানান।
স্থানীয়দের সন্দেহ, এ ঘটনায় স্থানীয় রাজমিস্ত্রি সাইফুল ইসলাম জড়িত থাকতে পারে।
তারা জানান, অভিযুক্ত সাইফুল একই এলাকার জমিদার বাড়ির আবুল খায়েরের ছেলে। এবং ঘটনার পর থেকে সে পলাতক রয়েছেন।
ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা নিহতের মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত করছে পুলিশ, জানান ওসি।