চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ১২ মে ২০২৬ ২২:৫০ পিএম
চাটমোহর পৌর শহরের বালুচর খেলার মাঠে মঙ্গলবার সন্ধ্যায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন আরিফা সুলতানা রুমা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার নিজ নির্বাচনী এলাকায় এসে উষ্ণ সংবর্ধনায় সিক্ত হয়েছেন পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা।
চাটমোহর পৌর শহরের বালুচর খেলার মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে আরিফা সুলতানা রুমা বলেন, “আমি আপনাদেরই সন্তান। আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের জন্য কাজ করতে চাই। দীর্ঘদিন ধরে পাবনা-৩ এলাকার অবহেলা আমি কাছ থেকে দেখেছি। কোথায় কী সমস্যা আছে, আমাকে জানাবেন। আমি জীবন দিয়ে হলেও এই এলাকার উন্নয়নে কাজ করতে চাই।”
তিনি বলেন, “আমি আপনাদের হাত ধরে এগিয়ে যেতে চাই। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।”
এর আগে বিকেল ৫টার দিকে ঢাকা থেকে সড়কপথে চাটমোহরের কাছিকাটা এলাকায় পৌঁছালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
চাটমোহরে পৌঁছে তিনি প্রথমে আফ্রাতপাড়া কবরস্থানে গিয়ে তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন।
উল্লেখ্য, আরিফা সুলতানা রুমা চাটমোহর পৌর শহরের আফ্রাতপাড়া মহল্লার অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম আলহাজ আক্কাস আলীর কন্যা।
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালুর সঞ্চালনায় সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, সাংগঠনিক সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু, সাবেক ভিপি সেলিম রেজা, বিএনপি নেতা রবিউল করিম তারেক, অধ্যক্ষ এম এ মাহমুদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফুলচাঁদ হোসেন শামীম, যুগ্ম আহ্বায়ক জান্নাতুল নাঈম জুঁইসহ আরও অনেকে।