নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৬ ২১:০১ পিএম
র্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডাকাত দলের হামলায় র্যাবের তিন সদস্য আহত হওয়ার ঘটনায় ডাকাত দলের ৫ সদস্যকে আটক করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দক্ষিণ পৈরতলায় র্যাব-৯ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মঙ্গলবার দুপুরে এ সব তথ্য জানান র্যাব-৯ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুন্নবী।
আটকরা হলেন উপজেলার খাগাতোয়া গ্রামের মৃত গোলাম ওয়াহেদের ছেলে আব্দুল কাদির (৬২), নয়ন মিয়ার ছেলে রহিম আহমেদ (২০), মুসলেম মিয়ার ছেলে আব্দুর রহমান প্রকাশ অপু মিয়া (১৯), হুমায়ুন কবিরের ছেলে নূরে আলম প্রকাশ নুরনবী (১৯) এবং জামাল মিয়ার স্ত্রী সানোয়ারা বেগম (৪৮)।
প্রেস ব্রিফিংয়ে র্যাব জানায়, সোমবার বিকেলে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য র্যাবের একটি দল নবীনগর-বাঞ্ছারামপুর এলাকায় যায়। শর্টকাট হিসেবে তারা রতনপুর ইউনিয়নের খাগাতোয়া-বলিয়ারা সড়ক ব্যবহার করলে চুরা শফিক ও তার সহযোগীরা তাদের গতিরোধ করে। নিজেদের পরিচয় দেওয়ার পরও র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
প্রেস ব্রিফিংয়ে আরও জানান, হামলার সময় সার্জেন্ট ফারুক ঘটনাস্থল থেকে বেরিয়ে যেতে সক্ষম হলেও হাবিলদার এ কে এম রাশেদ মোশারফ, কনস্টেবল কাজল মিয়া ও কনস্টেবল আব্দুল মালেককে জিম্মি করে একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েক ঘণ্টা আটকে রেখে মারধর করা হয়। আহত এক সদস্যের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হলে তার মাথায় সেলাই দিতে হয়েছে বলে জানিয়েছে র্যাব।
পরে খবর পেয়ে র্যাব-৯ এর অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থল ঘিরে ফেলে এবং পুলিশের সহায়তায় অবরুদ্ধ সদস্যদের উদ্ধার করে। আহতদের প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
র্যাবের দাবি, শফিক ওরফে চুরা শফিকের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চুরি, হামলা ও ভাঙচুরসহ একাধিক মামলা রয়েছে। স্থানীয়দের কাছে তিনি দীর্ঘদিন ধরে আতঙ্কের নাম হিসেবে পরিচিত।
এ ঘটনায় নবীনগর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।