শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৬ ১৮:৩৭ পিএম
আপডেট : ১২ মে ২০২৬ ১৮:৪৮ পিএম
দুর্ঘটনাকবলিত পিকআপ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিয়ন্ত্রণ হারানো একটি পিকআপের চাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন।
উপজেলার রঙ্গিলা বাজার এলাকায় ঢাকাগামী লেনে মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত রিকশাচালকের নাম-পরিচয় জানা যায়নি।
মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙ্গিলা বাজার এলাকায় একটি দ্রুতগামী পিকআপ সামনে থাকা রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি রিকশার ওপর উল্টে যায়। রিকশাটি পিকআপের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।
মাওনা হাইওয়ে থানার ওসি জানান, দুর্ঘটনার পর উল্টে যাওয়া পিকআপটি দীর্ঘ সময় মহাসড়কে পড়ে থাকায় যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত যানবাহন সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। নিহত রিকশাচালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পিকআপ চালককে শনাক্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।