নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ১২ মে ২০২৬ ১৬:৪০ পিএম
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু হয়েছে।
তাদের মরদেহ মঙ্গলবার ভোরে
উদ্ধার করা হয়। এর আগে সোমবার দুপুর ১টার দিকে গোসলে নেমে তারা নিখোঁজ হন।
নিহতরা হলেন মনিরুল (১৫) ও শুভ
(১৫)। তারা দুজনই গুদনাইল বাগপাড়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক মো. মাসুম বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মনিরুল মাগুরা জেলার মোহাম্মদপুর থানার পাল্লা গ্রামের
মোহাম্মদ জাকিরের ছেলে। সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ি ভূঁইয়াপাড়া
এলাকায় ভাড়া বাসায় থাকতো সে।
নিহত শুভ পটুয়াখালী জেলার মরিচ বুনিয়া এলাকার মিজান শিকদার এর ছেলে। পরিবারসহ সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের মুনলাইট এলাকায় বসবাস করতো সে।
উপপরিদর্শক মাসুম বিল্লাহ জানান, মাদ্রাসার পরীক্ষা শেষে নাভানা মাঠে ফুটবল খেলার পর পাঁচ
বন্ধু মিলে ডিএনডি লেকের বার্মাস্ট্যান্ড নয়াপাড়া এলাকার ১ নম্বর ব্রিজ সংলগ্ন
স্থানে সোমবার দুপুরে গোসল করতে নামেন। গোসল শেষে তিনজন বাড়ি ফিরে গেলেও মনিরুল ও
শুভ নিখোঁজ থাকে।
পরে পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি
চালান। লেকের পানিতে মঙ্গলবার ভোর ৬টার দিকে স্থানীয়রা দুই কিশোরের মরদেহ ভাসতে
দেখে সিদ্ধিরগঞ্জ থানায় খবর দেয়।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই বলেন, “ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা
হয়েছে। নিহতদের পরিবারের সদস্যদের কোনো আপত্তি না থাকায়
মরদেহ তাদের হস্তান্তর করা হয়েছে।”