ফেনী জেনারেল হাসপাতাল মর্গ। ছবি: সংগৃহীত
ফেনীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়ওয়ার ঘটনা ঘটেছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের হাফেজিয়া এলাকার আলম ব্রিক ফিল্ডের সামনে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামের সি-ম্যান সফিউল উল্যাহর বাড়ির নুরুল হুদার ছেলে নুর আলম (৪৫) ও তার ছেলে মো. নিরব (২৫)। ঘটনায় আহত হয়েছেন তার ভাগিনা আফজাল মিঠু। মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
নুর আলমের স্বজনরা জানান, ছেলে ও ভাগিনাকে সঙ্গে নিয়ে বোনের বাড়ি ভাঙার তাকিয়া থেকে মোটরসাইকেল করে ফেনীতে ফিরছিলেন নুর আলম। হাফেজিয়া এলাকায় পৌঁছালে পথে একটি বাস তাদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই নুর আলম মারা যান। গুরুতর আহত ছেলে নিরব ও ভাগিনা আফজাল মিঠুকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ছেলের মৃত্যু হয়।
প্রতক্ষ্যদর্শীরা জানান, দুর্ঘটনার পর বাসটি থামিয়ে চালক পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
মহিপাল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, “চালক দুর্ঘটনার পর বাসটি থামিয়ে পালিয়ে যান। ঘটনার সঙ্গে জড়িত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পলাতক বাসচালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে”।