গাছা থানা। ছবি: সংগৃহীত
গাজীপুর গাছা থানার উজারপাড়ায় এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার উজারপাড়া মহরের বাড়ি এলাকায় মঙ্গলবার ভোরে এ ঘটনাটি ঘটেছে।
নিহত শুভ (১৬) নেত্রকোনার মদন
থানার গোবিন্দশ্রী এলাকার মো. আমির মিয়ার ছেলে।
গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গাজীপুর মহানগরের শরিফপুর এলাকায় বাসা ভাড়া থেকে অটোরিকশা চালাতো শুভ। অটোরিকশা নিয়ে সোমবার সন্ধ্যায় সে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। ভোরে নগরীর উজারপাড়া এলাকায় তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে তার অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে।
এসআই আরো বলেন, “ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”