মেডিক্যাল প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৬ ২১:৪৮ পিএম
প্রতীকী ছবি
ঢাকার মাতুয়াইল এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কামিনী আক্তার (২৪) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মাতুয়াইল মাদ্রাসা বাজার সড়কে সোমবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এই তথ্য নিশ্চিত করেন।
গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেন। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী শারমিন আক্তার জানান, তারা দুজনই মাতুয়াইলের এআরআর কসমেটিকস নামের একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। অফিস শেষে অটোরিকশায় বাসায় ফেরার পথে কামিনীর গলায় থাকা ওড়না হঠাৎ রিকশার চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
তিনি আরও জানান, কামিনীর বাড়ি ঝালকাঠি সদরের কলেজ রোড এলাকায়। একই এলাকার কামরুল ইসলামের মেয়ে। বর্তমানে কোনাপাড়া এলাকায় থাকতেন তিনি। বিয়ের পর স্বামী তাকে ছেড়ে চলে যান এবং তার কোনো সন্তান ছিল না বলেও জানিয়েছেন শারমিন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।