নেত্রকোনা প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৬ ২১:১৩ পিএম
পুকুর থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নেত্রকোনার আটপাড়ায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে অন্তর মিয়া (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার তেলিগাতী ইউনিয়নের টেংগা গ্রামের একটি পুকুর থেকে সোমবার বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।
আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবাইদুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
অন্তর মিয়া উপজেলার দুওজ ইউনিয়নের হরিপুর গ্রামের আব্দুল কদ্দুস মিয়ার ছেলে।
স্থানীয়রা বলছেন, শনিবার রাতে বাড়ি থেকে বের হয়ে যায় অন্তর। তারপর আর ফিরেনি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। এদিকে সোমবার দুপুর ২টার দিকে একই উপজেলার টেংগা গ্রামের ওই পুকুরটিতে ভাসমান একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা।
পরে আটপাড়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। স্বজনরা মরদেহটি অন্তর মিয়ার বলে শনাক্ত করে।
ওই যুবকের সাথে থাকা একটি স্কুল ব্যাগে বৈদ্যুতিক কাজে ব্যবহারের বিভিন্ন সরঞ্জামাদি ছিল এবং একটি হাত ঝলসানো ছিল বলে দাবি স্থানীয়দের।
আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবাইদুল আলম বলেন, “মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে”।