× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাথরঘাটায় কুকুরের ধাওয়া খেয়ে বাড়িতে আশ্রয় নিল হরিণ

পাথরঘাটা (বরগুনা) প্রতিবেদক

প্রকাশ : ১১ মে ২০২৬ ১৯:৫১ পিএম

আপডেট : ১১ মে ২০২৬ ২০:৩৩ পিএম

 ঘটনাস্থল থেকে বনবিভাগের একটি দল হরিণটিকে উদ্ধার করে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঘটনাস্থল থেকে বনবিভাগের একটি দল হরিণটিকে উদ্ধার করে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরগুনার পাথরঘাটায় কুকুরের ধাওয়া খেয়ে প্রাণ বাঁচাতে একটি হরিণ লোকালয়ে ঢুকে একটি বাড়ির উঠানে আশ্রয় নেওয়ার ঘটনা ঘটেছে।

উপজেলার চরদুয়ানী ইউনিয়নের গাব্বারিয়া গ্রামের মোস্তফা ফরাজির বাড়িতে সোমবার সকালে এ ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে বনবিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে বাড়ির পুকুরপাড় থেকে হরিণটিকে উদ্ধার করে নিয়ে যায়। চরদুয়ানী জ্ঞানপাড়া বিশেষ ক্যাম্পের বিট কর্মকর্তার বিশেষ সহকারী সুরজিৎ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা আসাদুল জানান, তিনি ফসলের মাঠে কাজ করার সময় কয়েকটি কুকুরকে হরিণটিকে ধাওয়া করতে দেখেন। একপর্যায়ে হরিণটি দৌড়ে গিয়ে একটি জালে আটকে পড়ে। পরে স্থানীয়রা সেটিকে জাল থেকে মুক্ত করলে হরিণটি দৌড়ে মোস্তফা ফরাজির বাড়ির পুকুরপাড়ে গিয়ে আশ্রয় নেয়। তার ধারণা, পাথরঘাটার কাছাকাছি সুন্দরবন থাকায় হরিণটি বলেশ্বর নদীর ঢেউয়ে লোকালয়ে চলে আসতে পারে। অথবা কোনো চোরাকারবারির কাছ থেকে ছুটে এসেও এটি এলাকায় ঢুকে থাকতে পারে।

বাড়ির মালিক মোস্তফা ফরাজি বলেন, “হরিণটি কোথা থেকে এসেছে বলতে পারছি না। কুকুরের তাড়া খেয়ে এটা আমার বাড়ির পুকুরপাড়ে এসে আটকে পড়ে। পরে আমি তাৎক্ষণিকভাবে বনবিভাগ ও স্থানীয়দের খবর দেই। এরপর বনবিভাগ এসে হরিণটি উদ্ধার করে নিয়ে যায়”।

এ বিষয়ে স্থানীয় চরদুয়ানী জ্ঞানপাড়া বিশেষ ক্যাম্পের বিট কর্মকর্তার বিশেষ সহকারী সুরজিৎ চৌধুরী বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বনবিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে হরিণটি উদ্ধার করেছে। বর্তমানে হরিণটি কিছুটা অসুস্থ রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা শেষে সেটিকে সুন্দরবনে অবমুক্ত করা হবে”।

তিনি আরও জানান, হরিণটি কোনো চোরাকারবারির মাধ্যমে এলাকায় আনা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে এবং কোনো ব্যক্তি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা