শরীয়তপুর প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৬ ১৭:০০ পিএম
আপডেট : ১১ মে ২০২৬ ১৭:২৯ পিএম
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বিগত ১৮ বছরের দুর্নীতির কারণে বিদেশি দাতা সংস্থাগুলো বড় প্রকল্পে সহযোগিতা করতে অনীহা প্রকাশ করছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।
পদ্মা সেতুর শরীয়তপুর জাজিরা প্রান্তে বৃক্ষরোপণ কর্মসূচি ও পদ্মা সেতু জাদুঘরের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সোমবার দুপুরে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “বিগত সময়ে ১৬টি মেগা প্রকল্পের অর্থ পুরোপুরি ব্যয় হয়ে গেলেও বাস্তবে কোনো কাজ হয়নি। অনেক প্রকল্পের ঠিকাদাররা টাকা নিয়ে পালিয়ে যাওয়ায় অনেক প্রকল্প শুরুই করা যাচ্ছে না”।
সেতু মন্ত্রী বলেন, “মেগা প্রকল্পের নামে বিগত সরকার হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। ত্রিশ লাখ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। শুধু তাই নয়, তারা বিশ লাখ কোটি টাকার উপরে বৈদেশিক ঋনের বোঝা রেখে গেছে। তার মধ্যে দিয়েই রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে বর্তমান সরকারকে”।
তিনি বলেন, “২০০২ সাল থেকে ২০০৫ পর্যন্ত পদ্মা সেতুর ফিজিবিলিটি স্ট্যাডি করেছিল তৎকালীন বেগম খালেদা জিয়ার সরকার। ফিজিবিলিটি অনুসারে এ মাওয়া পয়েন্টেই পদ্মা সেতুর এ্যালাইনম্যান্ট নির্দিষ্ট করেছিলেন খালেদা জিয়া”।
সেতু বিভাগের নির্বাহী পরিচালক ও সচিব মোহাম্মদ আবদুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান, স্থানীয় সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, সেতু বিভাগের পরিচালক কাজী মো. ফেরদাউস, পরিচালক ভিখারুদৌল্লা চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক সরদার একে এম নাসির উদ্দিন কালু, জেলা প্রশাসক তাহসিনা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ শরীফ-উজ-জামানসহ অনেকে।