লামা-আলীকদম (বান্দরবান) প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৬ ১৫:৪৬ পিএম
আপডেট : ১১ মে ২০২৬ ১৫:৫০ পিএম
লামার নুনারবিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান শিক্ষা প্রতিমন্ত্রী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বান্দরবানের লামা উপজেলায় প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সরকারি সফরে সোমবার লামার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘নুনারবিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়’ এবং ফাঁসিয়াখালী ইউনিয়নের ‘অংহ্লারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন’ করেন তিনি।
এদিন সকাল ৯টায় প্রতিমন্ত্রী লামা উপজেলা নির্বাহী অফিসারের অফিসে পৌঁছান। এসময় ইউএনও মো. মঈন উদ্দিন প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন।
পরে সকাল সাড়ে ৯টায় নুনারবিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয় পৌঁছে তিনি প্রাক-প্রাথমিক এর কোমলমতি শিশুদের সাথে সময় কাটান। এ সময় তাদের শিক্ষার মান যাচাই, কৌশল বিনিময় এবং শিশুদের গান শুনেন। বিদ্যালয় ঘুরে দেখে তিনি অফিস কক্ষে যান এবং বিগত পরীক্ষার মূল্যায়ন খাতা দেখেন। শিক্ষা প্রতিমন্ত্রী বিদ্যালয় পরিদর্শন শেষে অভিভাবকদের সাথে কথা বলেন ও এক ফটোসেশনে অংশ নেন।
তিনি নুনারবিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ভূয়সী প্রশংসা করে জানান, এমন স্কুল তিনি খুবই কম দেখেছেন। শিক্ষার মান ও স্কুলের শৃঙ্খলা তাকে মুগ্ধ করেছে। প্রতিটা প্রাথমিক বিদ্যালয় এমন হলে প্রাথমিক শিক্ষা অনেক এগিয়ে যাবে।
বেলা ১১টায় তিনি লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের ‘অংহ্লারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন’ করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি দুর্গমের স্কুলগুলোতে পাঠদান, শিক্ষার্থী উপস্থিতি, প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষা কার্যক্রম নিয়ে আরও আন্তরিক হতে নির্দেশনা প্রদান করেন। বেলা সাড়ে ১১টায় তিনি লামা উপজেলা ত্যাগ করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন, প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. ইকবাল হাসান, প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব এস এম গোলাম রাব্বী, তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া, ব্যক্তিগত কর্মকর্তা মো. নুরুজ্জামান মজুমদার, প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (প্রিভিলেজ) ওয়ালী চৌধুরী রাকিব এবং ক্লোজ প্রটেকশন অফিসার মো. রফিক ও মো. সাইফুল।
এছাড়া লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস, লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল, বিএনপি নেতা ও সাবেক মেয়র আমির হোসেনসহ প্রাথমিক শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে প্রতিমন্ত্রী লামায় পরিদর্শনে এলে পার্শ্ববর্তী আলীকদম উপজেলার কর্মরত সাংবাদিকরা আলীকদমের প্রাথমিক শিক্ষার নানা সমস্যা, ইউএনডিপির থেকে জাতীয়করণে হওয়া ৩টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক অনুপস্থিত বিষয়ে লিখিত অভিযোগ করেন। প্রতিমন্ত্রী অভিযোগটি গ্রহণ করেন। তিনি আলীকদম শিক্ষা অফিসারকে বান্দরবানে ডেকে পাঠান এবং এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন।