সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৬ ১৫:২৬ পিএম
আপডেট : ১১ মে ২০২৬ ১৫:৪৭ পিএম
সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে রবিবার বাঘের আক্রমণের শিকার হন মৌয়াল বাবলু গাজী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে বাবলু গাজী (৪৮) নামে এক মৌয়াল গুরুতর আহত হয়েছেন।
সুন্দরবন থেকে সোমবার সকাল ৭টার দিকে তাকে লোকালয়ে উদ্ধার করে আনেন অন্য মৌয়ালরা।
এর আগে রবিবার সকাল ৮টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে বাঘের আক্রমণের শিকার হন তিনি।
বাবলু গাজী শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে।
স্থানীয় সূত্র ও ফিরে আসা মৌয়ালদের কাছ থেকে জানা যায়, রেবিবার সকাল ৮টার দিকে ইউসুফ গাজীর নেতৃত্বে একদল মৌয়াল সুন্দরবনের পায়রাটুনি খাল এলাকায় মধু সংগ্রহ করছিলেন। এ সময় হঠাৎ একটি বাঘ ঝোপের আড়াল থেকে এসে বাবলু গাজীর ওপর হামলে পড়ে। সঙ্গে থাকা অন্য মৌয়ালরা চিৎকার ও লাঠিসোটা নিয়ে এগিয়ে এলে বাঘটি সরে যায়। পরে গুরুতর আহত অবস্থায় বাবলু গাজীকে উদ্ধার করে লোকালয়ের উদ্দেশে রওনা হন তারা। সোমবার সকালে শ্যামনগরের নীলডুমুর ঘাটে পৌঁছে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা নিয়ে যাওয়া হয়েছে।
বাবলু গাজীর বাবা মালেক গাজী বলেন, আমরা একসাথে মধু ভাঙছিলাম। হঠাৎ বাঘ এসে আমার ছেলেকে আক্রমণ করে। আল্লাহর রহমতে সে এখনও জীবিত।
বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা ইরফান হোসেন জানান, বিষয়টি মাত্র আমরা জানতে পেরেছি। খোঁজ নেওয়া হচ্ছে।