কুড়িগ্রাম প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৬ ১৫:২৩ পিএম
আপডেট : ১১ মে ২০২৬ ১৫:৪৯ পিএম
রবিবার কুড়িগ্রাম সদরের হলখানা ইউনিয়নের এসিল্যান্ড খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে কুড়িগ্রাম অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
কুড়িগ্রাম সদরের হলখানা ইউনিয়নের এসিল্যান্ড খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে রবিবার এসব কথা বলেন তিনি।
আসাদুল হাবিব দুলু বলেন, “রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যুগান্তকারী কর্মসূচি ছিল খাল খনন। পানি সেচের মাধ্যমে পানি ধরে রাখা, খালের পাশে গাছ এবং খালে মাছ চাষের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পরিকল্পনা করেছিলেন। ফলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল। দীর্ঘদিন পর বিএনপি ক্ষমতায় এসে আবারও খালখনন কর্মসূচি হাতে নিয়েছে”।
ভোটের কালি মোছার আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অনেক উন্নয়ন করেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, “ভোটের কালি মুছে যাবার আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অনেক উন্নয়ন করেছেন। যার মধ্যে অন্যতম ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, মসজিদ-মন্দিরের ইমাম-পুরোহিতদের সম্মানী ভাতা প্রদান ও কৃষকের ১০ হাজার টাকা কৃষি ঋণ মওকুফ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে আমাদের উপর অনেক চাপ সৃষ্টি হয়েছে। তবুও তিনি হাতে নেয়া প্রতিটি কর্মসূচি এগিয়ে নিয়ে যাচ্ছেন”।
তিনি বলেন, “বাংলাদেশের যে তিনটি জেলা দরিদ্র তার মধ্যে কুড়িগ্রাম অন্যতম। এর মূল কারণ হলো বিকল্প কর্মসংস্থান নাই, শিল্প কারখানা নাই। এখানে ভূট্টা ও আলু প্রচুর উৎপাদন হয়। এখানকার মানুষ শুধু কৃষি কাজের উপর নির্ভরশীল। কৃষকদের ভাগ্য বার বার একটি দুষ্ট চক্রের ভিতরে ঘুরপাক খাচ্ছে”।
এছাড়াও কুড়িগ্রাম ধরলা ব্যারেজ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেবার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূন্না দেবনাথ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ।
এ সময় মধ্যে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লবসহ অনেকে।