নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৬ ১৪:৪০ পিএম
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,পত্নীতলা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নওগাঁর পত্নীতলায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং এর সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেট কারের দুইজন যাত্রী নিহত হয়েছেন।
উপজেলার আমবাটি ডাবল ব্রিজ এলাকায় রবিবার রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া গ্রামের শরিফ উদ্দিনের ছেলে মতিউর (৪৫) এবং একই গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল (৪৫)।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নিয়ামুল হক বিষয়টি নিশ্চিত করেন।
ওসি জানান, মতিউর এবং নাজমুল বাড়ি থেকে একটি প্রাইভেট কারে করে হিলির উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় প্রাইভেটকারটি নজিপুর-ধামুইরহাট আঞ্চলিক সড়কের আমবাটি ডাবল ব্রিজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিঙের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। প্রাইভেটকারের ভেতর থেকে মতিউর ও নাজমুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
(ওসি) মোহাম্মদ নিয়ামুল হক বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।”